রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে স্বামী, স্ত্রী ও তাদের শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) বিকেলে ওই তিনজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, মৃত দম্পতি তাদের ছেলের চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে শনিবার ঢাকায় আসেন এবং মগবাজারের সুইট স্লিপ হোটেলে ওঠেন। তবে ওইদিন কোনো চিকিৎসকের সঙ্গে দেখা হয়নি। রাতে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে খাবার এনে হোটেলেই খাওয়ার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।








