বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এটি সম্ভবত তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডনে অনুষ্ঠিত শেষ জনসভা হবে।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই জনসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ জনসভায় অংশ নিতে সবাই অপেক্ষা করছেন। অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
তারেক রহমান ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান এবং তার পর থেকে যুক্তরাজ্যেই অবস্থান করছেন।





