টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শনিবার (৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখীপুরে দলের এক বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন।
দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে অনুষ্ঠিত সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়েন। নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যান, যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাদের সিদ্দিকীকে ঢাকায় নেওয়া হবে। তবে আগের তুলনায় তিনি কিছুটা সুস্থবোধ করছেন।”
সভায় অংশ নেওয়ার সময় কাদের সিদ্দিকী বলেন, “আমরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে চাই না, কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই। মুক্তিযুদ্ধকে যদি গালি দেওয়া হয়, তেমনই বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকেও অবহেলা করা হয় না। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন, তাদের সঙ্গে আমরা আছি।”
সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম সাফি প্রমুখ।







