ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির এ আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, ইরানসহ পুরো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুন যেন আল্লাহর রহমতে নিভে যায়। সংশ্লিষ্ট সব পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক কামনা করেন তিনি।
একই সঙ্গে নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা, আহতদের সুস্থতা এবং বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয়ের জন্য দোয়া করেন। বিশ্ববাসীর অন্তরে সহমর্মিতা সৃষ্টি এবং ঘৃণা-প্রতিহিংসা দূর করার আহ্বানও জানান।
তিনি আরও প্রার্থনা করেন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত হোক।





