ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের আকাশপথে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। পাকিস্তান গত বছরই ভারতীয় বিমান সংস্থাগুলোর আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করায় এখন বিকল্প পথ অত্যন্ত সীমিত।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো চলতি মাসে নির্ধারিত প্রায় ১,২৩১টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে প্রায় ৬৪ শতাংশ পরিচালনা করতে পারেনি। ফ্লাইট সময়সূচি পরিবর্তন ও অতিরিক্ত যাত্রাবিরতির কারণে যাত্রী সমস্যায় পড়ছে এবং খরচ ও মুনাফায় বড় চাপ তৈরি হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী, দিল্লি থেকে নিউ ইয়র্কগামী ফ্লাইটটি এবার প্রায় ২২ ঘন্টা সময় নিয়েছে। যুদ্ধের আগে একই রুটে ১৭ ঘণ্টায় পৌঁছানো যেত। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে বছরে এয়ার ইন্ডিয়ার ক্ষতি প্রায় ৬০০ মিলিয়ন ডলার হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ ফ্লাইট সময় ও জ্বালানি ব্যয়ের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: রয়টার্স





