সম্প্রতি মুক্তি পেয়েছে দীর্ঘ এক যুগ আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘মন বোঝে না’। তবে বিস্ময়ের বিষয় হলো, সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তমা মির্জা- কেউই জানতেন না ছবিটির মুক্তির খবর! ফলে সিনেমার প্রচার-প্রচারণাতেও তাদের অংশগ্রহণ ছিল না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী তমা মির্জা।

তিনি প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘চরম অপেশাদার আচরণের’ অভিযোগ এনে বলেন,

“আমাদের না জানিয়ে এভাবে হঠাৎ করে সিনেমা মুক্তি দেওয়া কোনোভাবেই পেশাদার আচরণ নয়। মুক্তির আগে অন্তত প্রধান শিল্পীদের সঙ্গে একবার আলাপ করা উচিত ছিল।”

 এক যুগের পুরোনো সিনেমা ‘মন বোঝে না’ :

জানা গেছে, ২০১৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহান রোমান্টিক ঘরানার এই সিনেমার শুটিং শুরু করেছিলেন ‘লাভলী: মন বোঝে না’ নামে। তবে কয়েকদিনের মধ্যেই চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজকের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ফলে নির্মাতা সোহান সরে দাঁড়ান। পরবর্তীতে পরিচালকের দায়িত্ব নেন শাহাদাৎ হোসেন লিটন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত প্রকল্পে থাকেননি। অবশেষে বহু বছর পর সিনেমাটি ‘মন যে বোঝে না’ নামে মুক্তি পেয়েছে আয়েশা সিদ্দিকার পরিচালনায়।

 “এত বছর পর মুক্তি, ছবির মেরিট নষ্ট হয়” -তমা মির্জা :

সিনেমাটি নিয়ে তমা মির্জা বলেন,

“১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। তখনকার সময় অনুযায়ী ছবিটি প্রাসঙ্গিক ছিল। কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে- আমাদের অভিনয়, ভাবনা, এমনকি চেহারাতেও পরিবর্তন এসেছে। এত পুরোনো কাজ এখন মুক্তি পেলে দর্শক তুলনা করবে আমাদের বর্তমান কাজের সঙ্গে, এতে ছবির ক্ষতি হবে, প্রযোজকও ক্ষতিগ্রস্ত হবেন।”

তিনি আরও বলেন,

“একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে মুক্তি দেওয়াই উচিত। না হলে ছবির মেরিট ও শিল্পীদের সুনাম- দুটোই ঝুঁকির মুখে পড়ে।”

 “আমাদের মতামতও নেওয়া হয়নি” :

তমা মির্জা অভিযোগ করে আরও বলেন,

“একজন প্রযোজক ছবি বানালে তার সেটি মুক্তি দেওয়ার পূর্ণ অধিকার আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুক্তির আগে অন্তত প্রধান চরিত্রের অভিনেতাদের সঙ্গে আলোচনা না করা- এটা চূড়ান্তমাত্রার অপেশাদার আচরণ। আমরা শিল্পীরা তো ছবির অংশ, আমাদেরও জানার অধিকার আছে।”

 তমার সাম্প্রতিক কাজ :

এর আগে তমা মির্জাকে দেখা গেছে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’-তে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।