ময়মনসিংহের জারিয়ায় লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর সোয়া চারটার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ধোয়া-মোছার জন্য রাখা ট্রেনের বগিতে এই নাশকতা সংঘটিত হয়।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গানপাউডার ও পেট্রল ব্যবহার করে আগুন দেয়। কাছাকাছি অবস্থান করা আরএনবি সদস্যরা একজনকে দেখতে পেয়ে ধাওয়া দেন, তবে অন্ধকারের কারণে তাকে ধরতে পারেননি। এরপর নিজেরা জ্যাকেট ভিজিয়ে আগুনের ওপর ঢেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিট সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্যান্য সিটে আগুন দ্রুত ছড়ানোর জন্য পেট্রলজাতীয় পদার্থ ছড়ানো ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এর আগেই ২৭ থেকে ৩২ নম্বর সিট পুড়ে যায়। সকাল ছয়টায় ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়। তিনি বলেন, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।