মদিনার ঐতিহাসিক মসজিদে কুবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। সম্প্রসারণকাজ শেষ হলে একসাথে প্রায় ৬৬ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আরবি দৈনিক সাবাক নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হারামাইন শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ কাজে মদিনা উন্নয়ন কর্তৃপক্ষও সহযোগিতা করবে।

এটি মসজিদে কুবার ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প। কাজ সম্পন্ন হলে মসজিদের আয়তন ৫০ হাজার বর্গমিটারের বেশি হবে। এতে ক্রমবর্ধমান হজযাত্রী, ওমরাহ পালনকারী, মুসল্লি ও দর্শনার্থীদের জন্য স্বস্তি তৈরি হবে। প্রকল্পটি সৌদি আরবের ভিশন-২০৩০ কর্মসূচির অংশ হিসেবেও বিবেচিত।

মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ, যা রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরতের পর নিজ হাতে নির্মাণ করেন। এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, “অবশ্যই যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেটিই অধিক হকদার যে, তুমি সেখানে সালাত আদায় করবে।” (সূরা তাওবা, আয়াত: ১০৮)

নামাজ আদায়ের ফজিলত প্রসঙ্গে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, “মসজিদে কুবায় দুই রাকাত নামাজ একটি ওমরাহর সমান।” (তিরমিজি, হাদিস: ৩২৪)।