বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য নতুন পোশাক চালু করতে যাচ্ছে, যা বিশেষভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটের জন্য প্রযোজ্য হবে। লৌহবর্ণের নতুন ইউনিফর্ম প্রথমবারের মতো পরিধান করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিটগুলো।
\r\nপুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর থেকে এই নতুন পোশাকের আনুষ্ঠানিক সূচনা হবে। তিনি বলেন, “প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা এটি পরিধান করবেন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরাও নতুন ইউনিফর্ম গ্রহণ করবেন।”
\r\nএর আগে, গত ২০ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশের একটি সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই পরিবর্তনের লক্ষ্য হলো পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের আধুনিক ও পেশাদার চেহারা দেওয়া এবং বাহিনীগুলোকে জবাবদিহি ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে নতুন পরিচয় প্রদান করা।





