স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেছেন। সেখানে এখনও চিকিৎসাধীন আছেন ১৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৬ জন ছাত্র। গুরুতর অবস্থায় রয়েছেন দুইজন।

পরিদর্শনকালে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন এবং কর্তব্যরত চিকিৎসকরা আহতদের বর্তমান অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সচিবকে অবহিত করেন। তারা জানান, অনেক শিক্ষার্থীকে একাধিকবার অপারেশন করতে হয়েছে এবং একাধিকবার আইসিইউতে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন ৫৭ জন। এর মধ্যে ২০ জন মারা গেছেন, একজনকে পাঠানো হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে, ২০ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বর্তমানে ১৬ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।