রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া দুই শিশুকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনও চারজন রোগী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

ডা. নাসির উদ্দীন বলেন, “বিমান বিধ্বস্ত ঘটনায় দগ্ধ ২ শিশুকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো ৯ জন গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি আছেন, যাদের মধ্যে চারজন আইসিইউতে। এদের মধ্যে একজন রয়েছেন ভেন্টিলেশনে।”

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আহতদের চিকিৎসায় চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছে। এই দলগুলো জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।

এ ঘটনার পরপরই আইএসপিআর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে, যা বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান করে শিগগিরই প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার এবং বিমান-সংক্রান্ত দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।