রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এর আগে ঢাকার সমাবেশে নিহত রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে যান জামায়াত আমির।

তিনি বলেন, ‘গতকাল উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলটের মৃত্যুর খবর এসেছে। তবে আমাদের ধারণা, শতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এরা সবাই কচিকাঁচা শিশু, স্কুলে পড়ত। মায়েদের বুক খালি করে দিয়ে চলে গেছে।’

শফিকুর রহমান বলেন, ‘সরকার গঠন করতে পারলে আমরা এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে চাঁদাবাজি, ঘুষ, অনিয়ম থাকবে না। কোনো নেতা বিনা ট্যাক্সের গাড়ি চালাবে না, সরকারি প্লট নেবে না।’

তিনি আরও বলেন, ‘বিমান দুর্ঘটনায় সরকার এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, নিহতের সংখ্যা আরও বেশি। একদিন সত্য প্রকাশ পাবে, ইনশা আল্লাহ।’

জামায়াত আমির জানান, দুর্ঘটনার পর থেকেই দলটি স্বেচ্ছাসেবক ও সহযোগিতামূলক কার্যক্রম শুরু করেছে। ‘যার যা প্রয়োজন—রক্ত, অর্থ বা শ্রম—আমাদের সদস্যরা প্রস্তুত।’

তিনি এসময় আরও জানান, ঈশ্বরদীতে সমাবেশে নিহত আরেক কর্মীর পরিবারকেও সান্ত্বনা জানানো হয়েছে।

শফিকুর রহমান বলেন, ‘আমরা নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন এবং পরিবারগুলিকে এই শোক বহনের শক্তি দেন।’