মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সকল অনিয়ম ও দুর্নীতি নির্মূল করে এটিকে একটি মডেল জেলা পরিষদে রূপান্তরের লক্ষ্য ঘোষণা করেছেন।

দায়িত্ব গ্রহণের পর আলী আহমেদ বলেন, “জেলা পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে এবং প্রশাসনের কার্যক্রম জনগণের জন্য আরও কার্যকর করা হবে।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। জেলার অবকাঠামো উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে মাগুরা জেলা পরিষদকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চালানো হবে।”

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান এবং জেলা পরিষদের উন্নয়নে তার নেতৃত্বে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলী আহমেদকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।