মাগুরা প্রতিনিধি : মাগুরায় আসন্ন ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন মাগুরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম, শরীফ স্বাধীন ও আরাফাত হোসেনসহ অন্যরা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় মাগুরাতেও তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ই-নামজারি সংক্রান্ত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ডিসিআর, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহের সুবিধা, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি, সরাসরি গণশুনানি ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হবে।
এছাড়া ডিজিটাল ভূমি সেবা ব্যবহারে পরামর্শ প্রদান এবং ভূমি অপরাধ আইন বিষয়ে নমুনা পরামর্শও দেওয়া হবে বলে জানানো হয়।
বক্তারা বলেন, জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করা, সেবার স্বচ্ছতা বৃদ্ধি এবং হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে সাধারণ মানুষ ঘরে বসেই বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারছেন বলেও তারা উল্লেখ করেন।








