বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে তার নির্বাচনী এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত হলে তিনি এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, “গত ১৭ বছর ধরে আমার এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কবলে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে এগুলো থেকে মুক্ত করবো।”
তিনি অভিযোগ করে বলেন, “অন্য দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস দেখা যাচ্ছে। কিছু কথা শুনে মনে হচ্ছে—ডাল মে কুছ কালা হ্যায়। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। প্রশ্ন হলো, সিটের মালিক কে? আল্লাহ এবং জনগণই দেশের আসনের মালিক।”
মির্জা আব্বাস আরও বলেন, “আমাকে ঘায়েল করতে তারা সব ধরনের অস্ত্র ব্যবহার করছে। মিথ্যা ডকুমেন্ট ছড়ানো হচ্ছে, এআই ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে। বটবাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে দেওয়া হয়েছে। এই ধরনের মানুষ জাতির জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।”
তিনি বলেন, “তারা অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী। মনে হচ্ছে, বিশেষ কোনো শক্তি তাদের পেছনে কাজ করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলেও জনগণ তা প্রতিহত করবে।”





