মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালা স্পিকারের স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার সময় একজন তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে হানজালা স্পিকারের কাছে এই ঘটনার তদন্ত চেয়েছেন।
তিনি বলেন, “আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি। আসলে এভাবে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত ২৩ মার্চ আপনার সহধর্মিনীর জানাজায় আমি উপস্থিত ছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ঢুকছিলাম, কেউ পিছন থেকে বললো—‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’। এভাবে সম্বোধন হওয়া উচিত ছিল না।”
হানজালা আরও উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনাও দেখা গেছে। তিনি মনে করেন, সংসদে একজন এমপিকে ‘জঙ্গি’ বলা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, “আমার মাথায় পাগড়ি ও সাদা পাঞ্জাবি-সুন্নতে রাসূল থাকার কারণে হয়তো আমাকে এভাবে সম্বোধন করা হয়েছে। আল্লাহর নবীর সুন্নত ও পোশাক কখনো জঙ্গির প্রতীক হতে পারে না।”
তিনি স্পিকারের কাছে অনুরোধ করেন, সংসদের সিসিটিভি ফুটেজ দেখে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের সার্জেন্ট-অ্যাট-আর্মসের মাধ্যমে নির্ধারণ করা হোক, কে এই কাজ করেছে। হানজালা আশঙ্কা প্রকাশ করেন, হয়তো বিরোধী দল বা প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার উদ্দেশ্য থাকতে পারে।
স্পিকার বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করে বলেন, “বিশেষ অধিকার প্রশ্নের মাধ্যমে একটি নোটিশ দিলে আমরা বিষয়টি বিবেচনা করব।”





