মাদারীপুর-১ সংসদীয় আসনের নির্বাচনি প্রচারণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারকে একটি নির্বাচনি উঠান বৈঠকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের একাধিক নেতার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে।

মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার খানবাড়িতে আয়োজিত ওই উঠান বৈঠকে শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতারা বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে।

একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি এবং বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।

দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি দলীয় আদর্শ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং নির্বাচনি প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন।

অন্যদিকে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে, নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে কোনো অঘোষিত বোঝাপড়া হচ্ছে কি না, নাকি এটি ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের বহিঃপ্রকাশ। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, এলাকায় আওয়ামী লীগের ভোটার রয়েছে। তাদের রাজনৈতিক কার্যক্রম সীমিত থাকলেও ভোটাধিকার বাতিল হয়নি। যারা ভালো রাজনীতি করেছেন, তারা মাঠে থাকলে এতে দোষের কিছু নেই।