কোরআনে বলা হয়েছে, “আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।” মহানবী মুহাম্মদ (সা.) শুধু মুসলিমদের নয়, সব যুগের মানুষের জন্য ছিলেন রহমত। তার শিক্ষা ও দৃষ্টিভঙ্গি মানবজাতির কল্যাণে অসীম অবদান রেখেছে। সংক্ষেপে তার ১০টি গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হলো—

মানুষকে আল্লাহর একত্বের পথে ডাকা: মুহাম্মদ (সা.) মানুষকে দাসত্ব ও মিথ্যা পূজার বন্ধনে আবদ্ধ থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে পরিচালিত করেছেন।

মিথ্যা ও প্রতারণার বিরুদ্ধে শিক্ষা: তিনি মানুষকে অক্ষম প্রতিমা, অলীক প্রভু এবং কুসংস্কার থেকে দূরে থাকার শিক্ষায় অনুপ্রাণিত করেছেন।

ক্ষমা ও উদারতার শিক্ষা: মহানবী (সা.) ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সকলের সঙ্গে সদিচ্ছা ও সহমর্মিতা বজায় রাখতে বলেছেন। অমুসলিমদের জীবন, সন্তান ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

প্রাণিকুল ও পক্ষীর প্রতি করুণাভাব: তিনি প্রাণিকুলের প্রতি অবৈধ ক্ষতি করা বা বিরূপ আচরণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।

অগ্রবর্তী নবীদের প্রতি শ্রদ্ধা: নবী মুহাম্মদ (সা.) সকল পূর্ববর্তী নবী-রাসুলকে সম্মান করেছেন এবং বলেছেন, কোনো নবীর সম্মানহানি করলে তা মুসলিম হওয়ার সঙ্গে সাংঘর্ষিক।

মানবাধিকারের প্রতিফলন: সব মানুষের জীবন, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তিনি নীতিমালা স্থাপন করেছেন। বিদায় হজে প্রদত্ত ভাষণে রক্ত, সম্পদ ও সম্মান রক্ষার কথা স্পষ্টভাবে ঘোষণা করেছেন।

আখলাক ও সচ্চরিত্র: সততা, সত্যবাদিতা, আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক এবং সামাজিক দায়িত্ব পালনের শিক্ষা দিয়েছেন। মন্দ স্বভাব ও অসৎ চরিত্র থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।

জ্ঞান ও বুদ্ধি কাজে লাগানোর আহ্বান: তিনি মানুষকে সৃষ্টিজগত উদ্ঘাটন ও জ্ঞান অর্জনে উৎসাহিত করেছেন এবং তা নেকি ও পুণ্য কাজ হিসেবে গণ্য করেছেন।

স্বভাববান্ধব দীন প্রতিষ্ঠা: মহানবী (সা.) মানুষের পার্থিব ও আধ্যাত্মিক চাহিদার ভারসাম্য রক্ষায় দীন প্রতিষ্ঠা করেছেন, যা অন্য সভ্যতার মতো মানুষকে অবহেলিত বা বঞ্চিত করে না।

ভ্রাতৃত্ব ও সমানাধিকারের শিক্ষা: তিনি মানব সমাজে সমতার প্রাচীর গড়ে দিয়েছেন। কোনো সম্প্রদায়ের ওপর আরেকটি সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব নেই; শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে কেবল ঈমান ও তাকওয়ার মাধ্যমে। এছাড়া সাহাবীদের মধ্যে আরব, রোম, হাবশা ও পারস্যসহ বিভিন্ন জাতির মানুষের সমান সুযোগ দিয়েছেন।

মহানবী মুহাম্মদ (সা.)-এর এই শিক্ষাগুলো মানবজাতির কল্যাণ, সামাজিক ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছে।