মানুষের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, \"রাজনৈতিক পট-পরিবর্তনের মাধ্যমে অনেকেই ভালো অবস্থান দখল করেছে—মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য কুক্ষিগত করেছে—কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ ফিরে তাকায়নি।\"
মঙ্গলবার সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত 'আমরা বিএনপি পরিবার' ও 'মায়ের ডাক' সংগঠনের যৌথ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল।
গুমের শিকারদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “যদিও তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের সন্তানদের দায়িত্ব আমাদের নিতে হবে। এটি কেবল মানবিক দায়ই নয়, রাজনৈতিক দায়িত্বও।”
গুম তদন্তে গঠিত কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “গুম কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি। তবে বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”





