নিউইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (স্থানীয় সময়) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।


ট্রাম্প বলেন, নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি জয়ী হলে এবং “ভালো আচরণ” না করলে, শহরটির জন্য ফেডারেল অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের ভাষায়, “সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট। যদি সে নির্বাচিত হয় এবং সঠিক কাজ না করে, তাহলে নিউইয়র্ক এক ডলারও পাবে না।”


প্রসঙ্গত, নিউইয়র্ক শহর প্রতিবছর ফেডারেল কর্মসূচি ও সংস্থাগুলোর মাধ্যমে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পেয়ে থাকে।


ট্রাম্পের মন্তব্যের জবাবে মেয়র প্রার্থী জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এনবিসির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি বলেন, “আমি কমিউনিস্ট নই। প্রেসিডেন্ট ট্রাম্প আমার গায়ের রঙ, উচ্চারণ এবং পরিচয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলছেন, যাতে জনগণের দৃষ্টি আসল ইস্যু থেকে সরিয়ে নেওয়া যায়।”


মামদানি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সমাজে কেবল কোটিপতিরাই থাকবে—এই ধারণা সঠিক নয়। ধনীদের ওপর কর বাড়ানোর প্রতিশ্রুতি নিয়ে আমি অটল রয়েছি।”