জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করা হবে। তিনি জানান, নারীদের কর্মসংস্থানে বিশেষ নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে মায়েরা ৫ ঘণ্টা কাজ করলে ৮ ঘণ্টার সমপরিমাণ পারিশ্রমিক পাবেন।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী’ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ৫ ঘণ্টার পারিশ্রমিক মালিকপক্ষ প্রদান করবেন, এবং বাকি ৩ ঘণ্টার পারিশ্রমিক সরকার বহন করবে। যারা ঘরের কাজ করবেন, তাদের “রত্নগর্ভা মা” হিসেবে সম্মান জানানো হবে। নারীরা যদি চাইলে ৮ ঘণ্টা কাজ করতে পারবেন এবং তাতেও সম্মান পাবে।
তিনি বলেন, নির্বাচিত হলে ব্যক্তিগতভাবে মানুষের কাছে যেতে হবে না; বরং তিনি নিজে আসবেন এবং সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন। পাশাপাশি যুবকদেরকে সমাজের সব জায়গা থেকে আবর্জনা পরিষ্কারের কাজে যুক্ত করার আহ্বান জানান।
জামায়াত আমির উল্লেখ করেন, “সুশিক্ষার অভাবে বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত। আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে আমরা প্রত্যেক শিশুকে সুশিক্ষিত করে সমাজের ইতিবাচক পরিবর্তন আনব।”





