ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়নি ফ্রান্স। খবরটি আজ মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক ও সংশ্লিষ্ট বিষয় জানা দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, ইরান সংঘাত শুরুর পর ফ্রান্সের এ ধরনের পদক্ষেপ এটি প্রথম। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
এর আগে স্পেনও ইরানের ভূখণ্ডে হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছে। স্পেনের দৈনিক পত্রিকা ‘এল পাইস’ প্রথম এ খবর প্রকাশ করে। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস ফার্নান্দেজ বিষয়টি নিশ্চিত করেন।
এ পদক্ষেপের মাধ্যমে ইউরোপের দেশগুলো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ কর্মকাণ্ডের সমালোচক হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে।





