ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের তিনটি উড়োজাহাজ ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার দেশটির সামরিক বাহিনী এ দাবি জানায়।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে বলেছে, ইসফাহানের দক্ষিণাঞ্চলে শত্রুপক্ষের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে জ্বলছে।

ইরান আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানটি ‘ব্যর্থ’ হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে মরুভূমি এলাকায় পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ওই কর্মকর্তা ‘সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ’ আছেন।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই উদ্ধার অভিযান চলাকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তবে তারা বেসামরিক না সামরিক সদস্য—তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে পাইলটের সন্ধানে অভিযান চালানোর ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়ার পর অনেকে এই অনুসন্ধানে অংশ নেন।