স্পেন ইরানের ওপর হামলায় জড়িত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস জানিয়েছেন, ইরান সম্পর্কিত কোনো সামরিক কর্মকাণ্ডে স্পেন তাদের আকাশসীমা বা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে না।
স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছে, এই কারণে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন বিমানগুলোকে বিকল্প রুট বেছে নিতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, দেশটি কোনো একতরফা বা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যুদ্ধে অংশ নিতে চায় না। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও আগে থেকেই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে কড়া সমালোচনা করে ‘বেপরোয়া’ ও ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন।
বিশ্লেষকেরা মনে করছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্ক এবং ন্যাটো জোটের সামরিক সমন্বয়ে প্রভাব ফেলতে পারে।





