মার্কিন সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে চালানো এই অভিযানের বিষয়ে ভিন্নমত দেখা গেছে দুই দেশের বক্তব্যে।


এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে ট্রাম্পের এই দাবির পরপরই ইরান সরকার ও দেশটির গণমাধ্যম তা অস্বীকার করে।


ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালালেও ইরানি বাহিনীর প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে।


অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। তবে ইরানের সামরিক বাহিনীর দাবি, এই অভিযানের সফলতার কথা প্রচার করে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।