ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ‘কঠিন প্রতিক্রিয়া’ আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। সোমবার (২৩ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

\r\n

জেনারেল হাতামি বলেন, “ইতিহাসে আমরা বহুবার মার্কিন বাহিনীর মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তখনই তাদের কঠিন জবাব দিতে হয়েছে।”

\r\n

তিনি আরও বলেন, “আমরা শান্তির জন্য লড়াই করব, তবে যদি কেউ আমাদের আক্রমণ করে, আমরা শক্তি ও সাহসের সঙ্গে জবাব দেব। আমাদের অনেক শহীদ হয়েছে, কিন্তু আমাদের মনোবল ভাঙেনি। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো সংশয় রাখা উচিত নয়।”

\r\n

সম্প্রতি ইসরায়েলের বিমান হামলায় একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যু ও সামরিক ক্ষতির পর ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে রদবদল হয়। সেই প্রেক্ষাপটে মেজর জেনারেল হাতামিকে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হয়।

\r\n

এদিকে সোমবার ইসরায়েলের ওপর আবারও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার পর মধ্য ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়।

\r\n

এর কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরেও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত শোনা গেছে।

\r\n

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনে ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মধ্যাঞ্চলে, পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা শহরেও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে।

\r\n

এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে।