মার্চ মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। গড়ে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১৭ কোটি ৪৫ লাখ ডলার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৩৩ কোটি ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের কাছে বেশি করে অর্থ পাঠাচ্ছেন। এ কারণেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে ভবিষ্যতে এর ওপর কিছুটা প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।





