নির্মাতা জাফর ফিরোজ মালয়েশিয়ার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেতিয়া সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তার হাতে তুলে দেন জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো' সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সার্টিফিকেট ও ট্রফিও সেই সময় তার হাতে হস্তান্তর করা হয়।

সমসাময়িক বিভাগে পুরস্কারপ্রাপ্ত এই উপন্যাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নির্মোহভাবে ফুটে উঠেছে। এতে আবরার ফাহাদের হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলন, রাজনৈতিক হত্যা-গুম, বৈষম্যবিরোধী আন্দোলনসহ গুরুত্বপূর্ণ ঘটনা স্থান পেয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মালয়েশিয়ার সরকারের বিশেষ ফ্লাইটে ঝুঁকিপূর্ণ নাগরিকদের দেশে ফেরানো এবং বিদেশি শিক্ষার্থীদের সমস্যার বিষয়গুলোও উপন্যাসে তুলে ধরা হয়েছে।

উপন্যাসটির সময়রেখা শুরু হয় ১৬ ডিসেম্বর ২০১৯ থেকে, বাংলাদেশের বিজয় দিবস থেকে, এবং শেষ হয় ৫ আগস্ট ২০২৪। বাস্তব ঘটনার ছোঁয়া ও কল্পনার সৃজনশীল মিশ্রণে বইটি পাঠক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা পেয়েছে।

কেন্দ্রীয় চরিত্র রাইয়ান, মালয়েশিয়ায় পড়াশোনা করা এক বিদেশি শিক্ষার্থী, যার জীবন একটি ফোনকলের পর উল্টে যায়। বাবার খুনের সংবাদ, মায়ের অসুস্থতা, আর্থিক সংকট ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে তার বহুদিনের স্বপ্নের প্রকল্প ধ্বংস হয়ে যায়।

উপন্যাসে দেখানো হয়েছে রাইয়ানের জটিল অবস্থার মধ্যে সে দেশে ফিরে যাবে, লড়াই করবে নাকি পড়াশোনা শেষ করবে—এ ধরনের মানবিক সিদ্ধান্তের প্রভাব পাঠকের সামনে নতুনভাবে তুলে ধরা হয়েছে। বইটি বর্তমানে আমাজনেও উপলব্ধ।