বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল সাড়ে ৬টায় বিএনপি মিডিয়া সেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বলা হয়, বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই অবস্থায় তারেক রহমান দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া কামনা করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন। এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।





