শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রকাশ্যে আর মুখ দেখাবেন না বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে তিনি নেকাব পরা শুরু করেছেন।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি লুবাবার নিজস্ব উপলব্ধি থেকেই নেওয়া সিদ্ধান্ত। তিনি বলেন, “লুবাবা আর মিডিয়ায় কাজ করবে না। সে প্রকাশ্যে মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।”
সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। পরে শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি অর্জন করে।
তবে এখন সেই পথ থেকে সরে এসেছে সে। জাহিদা ইসলাম জেমি জানান, ধর্মীয় বই পড়ার মধ্য দিয়েই লুবাবার মধ্যে এই পরিবর্তন আসে। কোরআন খতমের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করে সে। এসব অধ্যয়ন থেকেই নিজের জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
মিডিয়ায় আর কাজ না করলেও সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কার্যক্রম নেকাব পরেই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন লুবাবার মা। পাশাপাশি আগামী রমজানে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে লুবাবার।





