রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

ডা. রফিক জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয় এবং রিপোর্টে অবনতি দেখা দেওয়ায় দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সম্মতিও নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। এর মধ্যে আছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা।

ডা. রফিক আরও জানান, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ করেছে।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন এবং মেডিকেল বোর্ড তাকে বিস্তারিতভাবে অবহিত করেন।