ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের ৯টিতেই জয়ী হয়েছেন। শুধু তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।


ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে দুটি চাওয়ার কথা জানিয়েছেন সাবেক শিবির নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিবিরের কাছে চাওয়ার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে মির্জা গালিব লিখেছেন, ঢাবিতে ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। এক, মেঘমল্লার যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে - এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা।


দুই, দল-মত-পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোন হ্যারাসমেন্ট বা বুলিং এর শিকার না হয়, এমন একটা ভয়ডরহীন নিরাপদ পরিবেশ।