বলিউডে নেমে এসেছে গভীর শোক। প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার (২৩ মে) রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে এনডিটিভি।
\r\nমুকুল দেবের মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তার পরিবার কিংবা ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।
\r\nতবে অভিনেত্রী দীপশিখা নাগপাল, যিনি মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ক্যাপশনে তিনি লেখেন, “বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।”
\r\nমুকুল দেব সর্বশেষ দেখা গিয়েছিলেন হিন্দি সিনেমা আন্থ দ্য ইন্ড–এ। তিনি বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।
\r\n১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক মুমকিন-এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর দূরদর্শনের জনপ্রিয় সিরিজ এক সে বাড়কর এক-এ অংশগ্রহণ করেন এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়ার প্রথম সিজন সঞ্চালনা করেন।
\r\nচলচ্চিত্রে অভিষেক ঘটে দাস্তাক সিনেমার মাধ্যমে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।
\r\nঅভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।
\r\nবহুমাত্রিক প্রতিভার অধিকারী এই অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার শান্তি কামনা করছেন।





