শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরু করেছিলেন মুশফিকুর রহিম। তার পথ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরেরও বেশি সময় পর সেঞ্চুরি করেন লিটন দাস। দুজনের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করে ৪০০ রানের দিকে এগোচ্ছে বাংলাদেশের ইনিংস। মধ্যাহ্ন বিরতিতে স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ৩৮৭।
ম্যাচের শুরু থেকেই নজর ছিল মুশফিকের ওপর। তবে লিটনও নিজেকে আড়ালে রাখেননি। প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলার পরদিনই বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি সেঞ্চুরি তুলে নিজের মাইলফলককে আরও উজ্জ্বল করেছেন।
লিটনের শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে, যেখানে তিনি ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন। প্রায় ১৪ মাসের খরা ভেঙে টেস্টে নিজের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ১৬০ বলের ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৭ চার ও ২ ছক্কা।
ক্রিজে লিটনের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, ৩০ রানে অপরাজিত। দুজনের জুটিতে এসেছে ৭৭ রান। লিটনের বর্তমান সংগ্রহ ১০৩।
এর আগে মুশফিকুর রহিম ১০৬ রানের ইনিংস খেলেন, যা তার ১৩তম টেস্ট সেঞ্চুরি। মুশফিকের আউট হওয়ার আগে লিটনের সঙ্গে তিনি গড়ে তুলেছেন ১০৮ রানের জুটি।





