দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে নিজের জীবনের এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন হিসেবে বর্ণনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
তিনি বলেন, “মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাব—এটা কোনোদিন ভাবিনি। এক বছর আগেও কল্পনা করিনি যে আবার নির্বাচনের মাঠে ফিরতে পারব। এটি সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণেই।”
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজ এলাকায় নেত্রকোনার মদনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা জানান।
সমাবেশে বাবর আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে—তাদের এই ভালোবাসা ও ত্যাগ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি জানান, আল্লাহর রহমত এবং জনগণের আস্থায়ই তার রাজনৈতিক প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





