রাজধানীর মেট্রোরেলে এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার অভিযোগ উঠেছে কিছু যাত্রীর বিরুদ্ধে। যাত্রীদের এমন অভিযোগের পর সিট দখল ঠেকাতে মতিঝিল স্টেশনে অপারেশন পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
উত্তরাগামী যাত্রীদের অভিযোগ, উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে একশ্রেণির যাত্রী উঠে মতিঝিল স্টেশনে নামেন না। তারা সিটে বসেই থেকে একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এতে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে ওঠা যাত্রীরা কোনো আসন খালি পান না।
মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, পরিস্থিতি সামাল দিতে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন।
এ ছাড়া কোনো যাত্রী মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।
নজরুল ইসলাম আরও জানান, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অপ্রয়োজনীয় অবস্থান ঠেকাতে চেকইন ও চেকআউটের মধ্যবর্তী সময়সীমাও কমানো হয়েছে। নির্ধারিত সময়ের বেশি কেউ সিস্টেমের ভেতরে অবস্থান করলে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে।





