ফিলাডেলফিয়ার বিপক্ষে জিততে মরিয়া ছিল ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ইন্টার মিয়ামি। যদিও প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় আরও একবার হতাশা নিয়ে মাঠ ছাড়ার খুব কাছেই ছিল তারা। তবে আট মিনিটের ব্যবধানে লিওনেল মেসির জাদুকরী গোলের পর অ্যাসিস্টের সুবাদে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে শেষ পর্যন্ত হার ঠেকাতে পেরেছে মিয়ামি। ৩-৩ গোলে ড্র করেছে ফ্লোরিডার প্রতিনিধিরা।

সাবারু পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে দুই গোল হজম করে প্রথমার্ধের খেলা শেষ করে মিয়ামি। কুইন সুলিভান স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান টাই বারিবো। ৬০ মিনিটে মিয়ামির হয়ে ব্যবধান কমান টাডেও আলেন্দে। ১৩ মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ফিলাডেলফিয়ার বারিবো। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

৮৬ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেছিল ফিলাডেলফিয়া। আত্মবিশ্বাসের তলানীতে থাকা সফরকারী দল তখন একরকম আশা ছেড়েই দিয়েছিল। ঠিক তখনই নিভু নিভু আত্মবিশ্বাসে জ্বালানি দেন মেসি। পরের মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় মিয়ামি।

ডানদিক দিয়ে আর্জেন্টাইন অধিনায়কের নেওয়া মাপা শট জালের ঠিকানা খুঁজে নেয়। বলে হাত লাগালেও শেষ রক্ষা করতে পারেননি ফিলাডেলফিয়ার গোলকিপার ভিনসেন্ট রিক। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সেগোভিয়ার কল্যাণে সমতা টানে মিয়ামি। এই গোলে অ্যাসিস্ট করেন মেসি। ম্যাচ জেতাতে না পারলেও শেষের পুরো আলোটাই কেড়ে নিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।