মেজর লিগ সকার (MLS) ম্যাচে ইন্টার মায়ামি আবারো জয়ের ধারা ধরে রাখল। লিওনেল মেসি জোড়া গোল করেন এবং আরও একটি গোলের তৈরি করেন, যার ফলে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল ইন্টার মায়ামি। এই জয়ে প্লে-অফে খেলার পথ অনেকটাই নিশ্চিত হয়েছে তাদের।
রোববার ভোরে এই জয়ের ফলে ইস্টার্ন জোনে ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকেই মায়ামি আক্রমণাত্মক ছিল। ৩৫ মিনিটে মেসির নিখুঁত থ্রু-পাস থেকে গোল করেন টাদেও আলেন্দে। ৫২ মিনিটে ডিসি ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেকে হেডে সমতা ফেরান। তবে ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থেকে মেসি বাঁ পায়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন।
৭২ মিনিটে মাতেও সিলভেত্তি পেনাল্টি মিস করলে মায়ামি ৩-১ পর্যন্ত এগোতে পারত। ৭৮ মিনিটে ডিসি ইউনাইটেডের একটি সম্ভাব্য পেনাল্টি ভিএআর পর্যালোচনার মাধ্যমে বাতিল হয়। ৮৫ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল করেন, সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে।
মেসির গোলের পরে ৯০ মিনিটের অতিরিক্ত সাত মিনিটে জেকব মারেল ডিসির পক্ষে গোল করলেও তা হারের ব্যবধান কমানোতেই সীমিত থাকে।
এ মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে মেসির গোল সংখ্যা ২২। এটি সপ্তমবারের মতো এই মৌসুমে তিনি জোড়া গোল করেছেন।





