মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফ নিশ্চিত করল ইন্টার মায়ামি, লিওনেল মেসির জোড়া গোলের জাদুতে। বুধবার রাতে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারিয়ে ফ্লোরিডার ক্লাবটি জয় নিশ্চিত করে।

দুটি গোল এবং একটি অ্যাসিস্টে দলের জয়ে নেতৃত্ব দেন আর্জেন্টাইন সুপারস্টার। ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখন এমএলএস গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন মেসি। এলএএফসি’র দেনিস বুয়াঙ্গাকে তিনি দুই গোলের ব্যবধানে পেছনে ফেলেছেন।

মায়ামির অন্য গোলগুলো করেন লুইস সুয়ারেস এবং তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড বালতাজার রদ্রিগেজ। লিগস কাপ ফাইনালে সিয়াটলের বিপক্ষে এক কর্মকর্তার দিকে থুতু নিক্ষেপের কারণে তিন ম্যাচ নিষিদ্ধ থাকার পর ফিরে আসার ম্যাচেই স্কোরে নাম তোলেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেস।

ম্যাচের সূচনা প্রথমার্ধে কিছু সুযোগ নষ্ট করেও ৪৩তম মিনিটে রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মায়ামি। সার্জিও বুসকেটসের নিখুঁত পাস থেকে থ্রু-বলে গোলটি করেন তরুণ আর্জেন্টাইন। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৭৪তম মিনিটে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত চিপ শটে গোল করেন মেসি। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে সুয়ারেস এবং ৮৬তম মিনিটে মেসির নিখুঁত ফিনিশিংয়ে বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সঙ্গে পাঁচ পয়েন্ট ব্যবধান থাকলেও হাতে আছে দুই ম্যাচ। ফলে দলটি সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে এখনও টিকে আছে।

মেসি টানা তিন ম্যাচে গোল ও অ্যাসিস্টের সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সে এমভিপি ২০২৫ পুরস্কারের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন। এভাবে আসন্ন এমএলএস কাপ প্লে-অফে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।