মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। র‌্যাব-১২ সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় অভিযান চালিয়ে গোলাম মোস্তফা ডাকু নামে ওই ব্যক্তিকে আটক করে।

র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গোলাম মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত মামলাও রয়েছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে আরও মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, “শুনেছি, গোলাম মোস্তফা এক সময় বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। যদি এখনও দলের সঙ্গে সম্পর্ক থাকে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”