ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে দেশেই অবস্থান করছেন বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ। নিরাপত্তাজনিত কারণে তিনি জনসমক্ষে আসছেন না বলেও জানান তিনি।

রুশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেদভ বলেন, নতুন নেতার জনসমক্ষে অনুপস্থিতির পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ইরান সরকারও একাধিকবার জানিয়েছে, মোজতবা খামেনি দেশেই আছেন, তবে বর্তমান পরিস্থিতিতে তিনি প্রকাশ্যে আসা থেকে বিরত রয়েছেন।

চলমান সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি ইঙ্গিত করে রুশ রাষ্ট্রদূত বলেন, এখনো পর্যন্ত তার সঙ্গে খামেনির সরাসরি কোনো বৈঠক হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং ইরানের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।

এর আগে খামেনির অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়। জনসমক্ষে না আসায় তার বেঁচে থাকা নিয়েও প্রশ্ন ওঠে। তবে ইরান সরকার জানিয়েছে, তিনি জীবিত আছেন এবং বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন।