আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলের সুবিধার্থে বিএনপি আরও ৮টি আসন ছেড়ে দিয়েছে। গতকাল জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


\r\n

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


\r\n

তিনি জানান, এলডিপি থেকে বিএনপিতে যোগদান করা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ ঢাকা-১৩, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর-৫ ও এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ থেকে নির্বাচনে অংশ নেবেন।


\r\n

ফখরুল আরও সতর্ক করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনগুলোতে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


\r\n

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ফখরুল জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। ওই চারটি আসন হলো: নিলফামারী-১ (মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী), নারায়ণগঞ্জ-৪ (মনির হোসাইন কাসেমী), সিলেট-৫ (মো. উবায়দুল্লাহ ফারুক) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (জুনায়েদ আল হাবীব)।


\r\n

৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে বিএনপি ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতার ৪টি আসন এবং আজ শরিকদের জন্য ৮টি আসন ছাড়ার পরও ১৬টি আসন এখনো বাকি রয়েছে।