রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে অভিযুক্ত শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। অপর গ্রেপ্তার ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।





