মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সম্প্রতি বিসিবিকে একটি চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, চিঠিতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। চিঠিতে দাবি করা হয়েছে, মোস্তাফিজ দলে থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।
এর আগে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরিস্থিতির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী নয়।





