মানিকগঞ্জের পাটুরিয়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজন বাসচালককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখেই পাটুরিয়া থেকে গাবতলীর ভাড়া ৩০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নেওয়া শুরু হয়েছে।


শনিবার (২৮ মার্চ) দুপুরে পাটুরিয়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনজন চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


যাত্রীরা অভিযোগ করেছেন, সেলফি, নীলাচল, শুভযাত্রা, সেবালিং, ডি-লিংক, পলাশ, ওয়েলকামসহ বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। পাটুরিয়া থেকে নবীনগরের ভাড়া সাধারণত ১০০–১২০ টাকা হলেও ২০০ টাকা নেওয়া হচ্ছে, এবং গাবতলীর ভাড়া ১৬০–১৮০ টাকা হলেও ৩০০ টাকা আদায় করা হচ্ছে।


সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত সেলিম জানান, “রাজবাড়ী থেকে সাভার নবীনগর যাওয়ার সময় পাটুরিয়া বাসস্ট্যান্ডে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ৩০০ টাকা চাওয়া হলো। সাধারণত আমি ১২০ টাকায় যাই, কিন্তু আজ বেশি ভাড়া নেওয়া হচ্ছে।”


ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে তিনজন চালককে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, তারা ঘটনার স্থলে অবস্থান করছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালিয়ে যাবেন।