স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করা হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তিনি মন্ত্রণালয়ে ব্যক্তিগত স্বার্থে নয়, দায়িত্বকে ‘ইবাদত’ হিসেবে নিয়ে কাজ করছেন। কোনো কোটিপতি হওয়ার, চুরি করার বা ক্ষমতার অপব্যবহার করার উদ্দেশ্য নেই। বরং দেশের শিক্ষাব্যবস্থা উন্নত করার লক্ষ্য নিয়েই কাজ করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত প্রচারের প্রয়োজন নেই; তার লক্ষ্য হলো স্থিরভাবে কাজ করা এবং কোনো ভুলের কারণে ক্ষতি না হওয়ার দিকে সতর্ক থাকা। মন্ত্রী জানান, ম্যানেজিং কমিটি গঠন বা বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হবে।


শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অতীতে অনেককে সুযোগ দেওয়া হয়নি। নতুন সিদ্ধান্ত গ্রহণের সময় কাউকে বাদ না দিয়ে সবার জন্য ন্যায়সংগত সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয়। নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে কোনো গোষ্ঠী বঞ্চিত না হয়। পাশাপাশি পাঠ্যবই ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে তা বাস্তবায়ন শুরু হবে।