ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে পৌঁছেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান। শহরে পৌঁছে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।


ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দলীয় সূত্রের খবর, অন্তত পাঁচটিতে বিদ্রোহী প্রার্থীর জয় সম্ভাবনা বেশি। প্রভাবশালী হওয়ায় এসব প্রার্থীর সমর্থকেরা বড় অংশে জনসভায় উপস্থিত হননি।


স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, ময়মনসিংহের আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে প্রার্থীর দিকে এসব ভোট যাবে, তার জয় সম্ভাবনা বেশি। তবে বিএনপির সমর্থকরা দাবি করেছেন, ফুলবাড়িয়া আসন ছাড়া জামায়াতের প্রভাব অন্য আসনগুলোতে তেমন নেই।


দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তারেক রহমান মঞ্চে উপস্থিত হননি। তবে ময়মনসিংহ শহর ও বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। তার আগমন উপলক্ষে শহরের বিভিন্ন মোড়ে তারেক রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় বড় ছবি প্রদর্শিত হচ্ছে।


ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং ঢাকার উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরবেন।


উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। ওই সফরে মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জসহ সাতটি পথসভায় বক্তব্য দেন। পরে ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ ছয়টি পথসভায় অংশ নেন।


বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, ময়মনসিংহ সফরের পর পর্যায়ক্রমে রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান।