ময়মনসিংহে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রেললাইন ও রেল সম্পদ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এতে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ মাটির নিচে চাপা পড়ে অকেজো হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন ও বন্ধ হয়ে যাওয়া রেললাইন পুনরায় চালুর উদ্যোগ না থাকায় সেগুলো ধীরে ধীরে মাটির নিচে হারিয়ে যাচ্ছে। পাশাপাশি খোলা আকাশের নিচে পড়ে থাকা রেলের যন্ত্রাংশ ও সরঞ্জাম নষ্ট হচ্ছে এবং চুরির ঘটনাও ঘটছে।
এ সুযোগে রেলওয়ের বিস্তীর্ণ জমি দখল হয়ে সেখানে গড়ে উঠেছে হাটবাজার, দোকানপাট ও বসতঘর। রেল কর্তৃপক্ষ মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পরই আবার দখল হয়ে যাচ্ছে এসব জায়গা।
শহরের পাটগুদাম এলাকায় দেখা যায়, একসময় সক্রিয় থাকা রেললাইন এখন মাটিচাপা পড়ে গেছে। ওই লাইনের ওপরই গড়ে উঠেছে দোকান, ঘরবাড়ি ও নার্সারি।
জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম সম্পাদক শিব্বির আহমেদ লিটন বলেন, “ময়মনসিংহে রেলের বিশাল সম্ভাবনা ছিল। ব্রিটিশ আমলে এটি উন্নত করা হলেও পরবর্তী সময়ে অবহেলায় পড়ে থাকায় আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে।”
পুরাকীর্তি সুরক্ষা কমিটির সদস্যসচিব ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, “কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, রেলের জায়গা দখল হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
অন্যদিকে ময়মনসিংহ রেলের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, পুরাতন রেললাইন নিয়ে সিদ্ধান্ত নিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। বিভিন্ন বিভাগের সমন্বয়ের মাধ্যমে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।





