নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন। এর মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে যাচ্ছেন তিনি।


দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিএনপির জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জনসভাস্থলে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। তার বক্তব্য প্রচারের জন্য ব্যবহৃত হবে ৭০টি মাইক। মঞ্চের সামনে দুটি এবং দুই পাশে আরও দুটি এলইডি স্ক্রিনে তার ভাষণ সরাসরি দেখানো হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।


ময়মনসিংহের জনসভা শেষে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। পরে গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান পরিচালনা করেন তিনি।