কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং কোনো অবস্থাতেই সারের দাম বাড়ানো হবে না। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় থেকে বকেয়া থাকা সারের টাকা পরিশোধ করে চাহিদামতো সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সার আমদানিতে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং এখন থেকে বৈশ্বিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সারের আমদানি হবে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই সার পাচার হতে দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে, তবু সার উৎপাদনের ফলে সারের দাম বাড়বে না। অন্তত যতদিন আমি আছি, দাম বাড়বে না।”

তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা, কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। গত এক বছরে কৃষি মন্ত্রণালয় এই লক্ষ্য অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং তা চলমান রয়েছে।